মিরপুরে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের আন্দোলন, তীব্র যানজট

রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে তারা সড়কে অবস্থান নেন। এতে মিরপুর-১০ গোলচত্বরসহ আশপাশের কয়েকটি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
ট্রাফিক মিরপুর বিভাগ তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, শ্রমিকদের আন্দোলনের কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে যান চলাচলে বিঘ্ন ঘটছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।
এসব এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পাশাপাশি সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ জানিয়েছে মিরপুর ট্রাফিক বিভাগ।
এর আগে, গত বৃহস্পতিবারও মিরপুরের গোলচত্বরসহ কয়েকটি এলাকার সড়ক অবরোধ করে আন্দোলন করেছিলেন পোশাক কারখানার শ্রমিকেরা।
(ঢাকাটাইমস/৩১ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













