এলজিআরডি মন্ত্রী মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে ফুসফুসে সংক্রমণের কারণে তাকে এখনো নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী বাহাউদ্দীন মিল্টন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
মন্ত্রীর শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে দর্শনার্থীদের ভিড় না করার অনুরোধ জানিয়েছেন চিকিৎসকেরা।
তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে গত ২১ অক্টোবর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ড. আবদুল মঈন খান।
হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক আতিকুর রহমান, জিয়াউল হাসান ও শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












