আশুলিয়ায় ৫ পোশাক কারখানার শ্রমিকদের কর্মবিরতি, পুলিশ মোতায়েন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৬, ১১:২০
অ- অ+

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আজ রবিবার কর্মবিরতি পালন করছেন সাভারের আশুলিয়ার পাঁচটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। শনিবারের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রবিবার সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে শনিবারের তুলনায় পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে। শ্রমিকরা নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করে হাজিরা দেওয়ার পর দাবি আদায়ে কর্মবিরতি শুরু করেন।

শ্রমিকদের কাজে ফেরাতে রোববার নতুন মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হবে বলে আশ্বস্ত করা হয়। তবে এতে সাড়া দেননি শ্রমিকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার অবস্থানে রয়েছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকদের দাবি পূরণে সরকার উদ্যোগ নিয়েছে। কারখানা বন্ধ থাকলে উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যাহত হবে। ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করতে না পারলে মালিকপক্ষ অর্থ পাবে না। এতে শ্রমিকদের বেতন পরিশোধেও সমস্যা তৈরি হতে পারে। এসব বিষয় শ্রমিকদের বোঝানো হচ্ছে।

তিনি আরও বলেন, পোশাকশিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এর আগে শনিবার ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও কাঠগড়াসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৬টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/০১ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবশেষে জামিন পেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান
পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা
খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৫, মামলা ১৯