পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৬, ১১:৫৫| আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১১:৫৭
অ- অ+

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন পুনর্নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে এ বোর্ডের ঘোষণা দেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের লাগাতার আন্দোলনের মধ্যেই নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিল সরকার।

আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। বৈঠক শেষে রোববার মজুরি বোর্ড গঠনের কথা জানিয়েছিলেন তিনি।

শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়েও বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। মালিকদের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেওয়া হবে বলে তারা আশ্বাস দিয়েছেন।

শ্রমমন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠন ও বকেয়া বেতন পরিশোধের বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় ভাঙচুর বা কারখানা বন্ধ রাখার প্রয়োজন নেই। এ ধরনের কর্মকাণ্ডে দেশের পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজ করলেও বাইরে থেকে কিছু লোক এসে তাদের উত্তেজিত করছেন। প্রকৃত শ্রমিক কারা এবং কারা আন্দোলনে অংশ নিচ্ছেন, তা ভিডিও চিত্রের মাধ্যমে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, প্রতিমাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়েও আলোচনা হয়েছে। তবে কারখানা বন্ধ থাকলে উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যাহত হবে। ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করতে না পারলে মালিকপক্ষ অর্থ পাবে না। এতে শ্রমিকদের বেতন পরিশোধেও সমস্যা তৈরি হতে পারে।

শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের দাবি পূরণে সরকার উদ্যোগ নিয়েছে। পোশাকশিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

(ঢাকাটাইমস/০১ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিবন্ধন ছাড়া চলবে না অটোরিকশা, মহাসড়ক ও প্রধান বাস রুটে নিষিদ্ধ
বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল মিরপুর, পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ব্যাপক সংঘর্ষ
অবশেষে জামিন পেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান
খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার