বেকারত্ব বাড়লে অপরাধ ও সামাজিক নৈরাজ্য নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে: সাইফুল হক

বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা না করা হলে অপরাধপ্রবণতা ও সামাজিক নৈরাজ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, ব্যাপক বেকারত্বের সঙ্গে সমাজে অপরাধ বৃদ্ধির সম্পর্ক রয়েছে। তাই হতাশায় ডুবে যাওয়ার আগেই বেকার তরুণদের পাশে দাঁড়াতে হবে সরকারকে।
রবিবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সাইফুল হক।
সাইফুল হক বলেন, বেকার যুবকদের জন্য আত্মকর্মসংস্থানের বহুমুখী উদ্যোগ নিতে হবে। তা না হলে বিপুলসংখ্যক তরুণ অপরাজনীতির জ্বালানি হিসেবে ব্যবহৃত হওয়ার ঝুঁকি বাড়বে। দেশের বিশাল যুবশক্তির অপার সম্ভাবনা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, জনপ্রত্যাশা পূরণে সরকারকে মানুষের জানমাল ও জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনজীবনের জরুরি সংকট সমাধানে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি দাবি-দাওয়ার ন্যায্য আন্দোলনকে গুরুত্ব দিয়ে মানবিক ও গণতান্ত্রিক দাবিগুলো বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে।
যুবসমাজের উদ্দেশে সাইফুল হক বলেন, দেশের যেকোনো অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে যুবসমাজকে সোচ্চার প্রতিবাদ গড়ে তুলতে হবে। গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে যুবসংগঠনগুলোকে আরও শক্তিশালী, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিপ্লবী যুব সংহতির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আউয়াল মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনটির সদস্যসচিব মীর রেজাউল আলম, যুগ্ম আহ্বায়ক তুহিন রহমান, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ইব্রাহিম হোসেন রনি, আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম রকি, ফেরদৌস মিয়া, নান্টু দাস, রাজু আহমেদ, দেলোয়ার হোসেন ও আরিফ আকবর প্রমুখ।
সভায় যুব বেকারত্ব, কর্মসংস্থান, যুব আন্দোলনের কর্মসূচি এবং যুবশক্তির দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ ছাড়া আগামী ২২ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠেয় সংগঠনটির জাতীয় যুব সম্মেলনের প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













