ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর

দেশে ডেঙ্গু ও হামের প্রকোপে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন। অন্যদিকে, একই সময়ে হাম উপসর্গে মারা গেছে আরও দুই শিশু। এ ছাড়া হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১৭ জন।
রবিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বুলেটিন ও সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৭ জনে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই মারা গেছেন ১৭৪ জন। সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মারা গেছেন দুজন করে।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯২৯ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮৩১ জন। এ ছাড়া খুলনায় ২৫৯ জন, চট্টগ্রামে ২৫৭ জন, বরিশালে ২২৯ জন, রাজশাহীতে ১৮৫ জন, ময়মনসিংহে ৯২ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেটে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৩ জন। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬৪ জন।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৯৩৫ জন।
এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৪ হাজার ৭৮৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৬ হাজার ১৮৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১৪৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
ডেঙ্গু ও হাম—দুই রোগেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













