নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান হিল ক্যান্টিনে এ ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির সৈয়দ আনোয়ার আলীর ছেলে। তিনি রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজ বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন সৈয়দ দিদারুল করিম বিপ্লব অভিযোগ করেন, ছাত্রদল নেতা আরাফাত ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ছোট চাচা হুমায়ুন কবিরের ওপর হামলা করেন। তাকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়।
এ বিষয়ে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান বলেন, “বিষয়টি শুনেছি। তবে কোথায় এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, তা জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
খুলনা মহানগর তাঁতি দলের আহ্বায়ক মো. আবু সাঈদ বলেন, নিহত হুমায়ুন কবির মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাঁর হত্যার খবর শুনে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন।
(ঢাকা টাইমস/১নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












