কুমিল্লায় জামায়াতের সাবেক আমিরসহ দুই নেতার রুকনিয়াত বাতিল

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৬, ২০:৫৪
অ- অ+

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সাবেক নায়েবে আমির একেএম এমদাদুল হক মামুনের দলীয় সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মহানগর জামায়াত কার্যালয়ে সভা চলাকালে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগর জামায়াতের তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম।

তিনি জানান, গত ১৪ অক্টোবর কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে সভা চলাকালে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে গত ২৬ অক্টোবর আমিরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনা ও আলোচনার পর কাজী দ্বীন মোহাম্মদ এবং একেএম এমদাদুল হক মামুনের রুকনিয়াত বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে সাংগঠনিক কমিটি গঠনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সেখানে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়। এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা তৈরি হয়।

ঘটনার দুই দিন পর, ১৬ অক্টোবর কুমিল্লা মহানগর জামায়াতের বিদ্যমান কমিটি ভেঙে দেয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। একই সঙ্গে কেন্দ্রের তত্ত্বাবধানে মহানগর জামায়াতের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে।

এর আগে ১৪ অক্টোবরের ঘটনা তদন্তে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহানকে নিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির সুপারিশের ভিত্তিতেই পরবর্তী সময়ে দুই সাবেক শীর্ষ নেতার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত আসে।

এদিকে, ১৪ অক্টোবরের ওই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ১৫ অক্টোবর আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িক অব্যাহতি দেয় দলটি।

(ঢাকা টাইমস/১নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর
ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: আনসার মহাপরিচালক
৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী