মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

রাজধানীর মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনায় মিরপুর-১০ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
আজ সোমবার (২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে শ্রমিকরা মিরপুর-১০ এলাকায় সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল ছোড়ে। একপর্যায়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘শ্রমিকরা রাস্তা অবরোধ করতে এসেছিল। আমরা তাদের সরিয়ে দিয়েছি।’
এর আগে রোববারও ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সোমবার সকালে শ্রমিকরা আবারও সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে নতুন করে উত্তেজনা তৈরি হয়।
এদিকে সংঘর্ষের কারণে মিরপুর-১০ এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশি তৎপরতা দেখা গেছে। সড়কে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
(ঢাকাটাইমস/০২ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













