খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৪
অ- অ+

খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানী থেকে হেলিকপ্টারযোগে তিনি মোংলার উদ্দেশ্যে রওনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

আতিকুর রহমান রুমন জানান, সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী মোংলায় দুটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া তিনি বাগেরহাট জেলা সদরে অবস্থিত ঐতিহাসিক হয়রত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। মোংলার কর্মসূচি সম্পন্ন করে সড়ক পথে প্রধানমন্ত্রীর খুলনায় পৌঁছানোর কথা রয়েছে।

খুলনা সফরকালে প্রধানমন্ত্রী জেলা স্টেডিয়ামে দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণে ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাটের স্থানীয় বাসিন্দা এবং নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎফুল্লতা লক্ষ্য করা গেছে। সরকার প্রধানকে স্বাগত জানাতে পুরো খুলনা মহানগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও নান্দনিকভাবে সাজানো হয়েছে। জেলা স্টেডিয়াম ও তার আশপাশের সড়কগুলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর রং-বেরংয়ের ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। এছাড়া শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালগুলোতে নান্দনিক গ্রাফিতি আঁকা হয়েছে, যেখানে খুলনার ইতিহাস-ঐতিহ্যের পাশাপাশি জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতি, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগারের ছবি স্থান পেয়েছে।

তবে এবারের সফরে অন্যতম ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যত্রযত্র লাগানো সব তোরণ ও বিলবোর্ড খুলে ফেলা হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে নেতা-কর্মীদের ব্যক্তিগত ফেস্টুনও।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে মহানগরকে পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টি নন্দন করা হয়েছে। আমরা আমাদের প্রধানমন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় আছি।’

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো খুলনা মহানগরী জুড়ে নিশ্ছিদ্র ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৫ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশজুড়ে আসছে ৬ শৈত্যপ্রবাহ, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়ও
দীর্ঘদিন বন্ধ থাকার পর সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে হালকা বৃষ্টির পূর্বাভাস