শনিবার ছুটির দিনেও শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে শিক্ষকদের, মাউশির নির্দেশনা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ কর্মসূচিতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও অংশ নিতে হবে। ফলে সাপ্তাহিক ছুটির দিনেও সংশ্লিষ্ট শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।
মঙ্গলবার মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিমের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি পালন করতে হবে। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে হবে।
এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। দিবসটি যথাযথভাবে উদযাপনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দিয়েও আলাদা চিঠি দিয়েছে মাউশি।
এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে এবার দিবসটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত কোনো ছুটি পাচ্ছেন না।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













