বাগেরহাটের মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৩
অ- অ+

বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে এবং অবকাঠামোগত উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ (৩৩৫.৭৮ মিলিয়ন মার্কিন ডলার) টাকা ব্যয়ের একটি মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার বছর মেয়াদি এই প্রকল্পের আওতায় বন্দরে দুটি আধুনিক জেটি, কনটেইনার লোডিং-আনলোডিং ইয়ার্ড, বিপজ্জনক পণ্য ব্যবস্থাপনার জন্য পৃথক ইয়ার্ড এবং ৪৯টি আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে মোংলা বন্দর এলাকায় অবতরণ করেন। এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি বন্দর কর্তৃপক্ষের ৯ নম্বর জেটিতে মূল অনুষ্ঠানস্থলে পৌঁছান।

সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষ ও ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি)’-এর মধ্যে একটি বিনিয়োগ সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সই হয়। চুক্তি সই শেষে প্রধানমন্ত্রী উপস্থিত দেশি-বিদেশি অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আধুনিকায়ন প্রকল্পের ফলক উন্মোচন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি অনুষ্ঠানস্থলের পাশে একটি স্মারক বৃক্ষরোপণ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই মেগা প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। এর মাধ্যমে প্রতি ঘণ্টায় ৩০টি কনটেইনার হ্যান্ডলিং এবং বছরে চার লাখ টিইইউ কনটেইনার ব্যবস্থাপনার সক্ষমতা অর্জিত হবে। ফলে পণ্য ওঠানামার ব্যয় হ্রাসের পাশাপাশি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক, বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ এবং ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

মোংলার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভায় অংশ নেবেন। এরপর দুপুর ১২টা ৪৫ মিনিটে ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করার কথা রয়েছে তাঁর। জিয়ারত শেষে দুপুর ১টা ১৫ মিনিটে তিনি সড়কপথে খুলনার উদ্দেশে রওনা হবেন এবং বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারযোগে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/০৫ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আত্মসমর্পণের পর আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরী মণি
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম
দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
গ্রেপ্তারি পরোয়ানার পর ১০ বডিগার্ড নিয়ে আদালতে অভিনেত্রী পরীমনি