ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭৭, মামলা ৫৫

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোট ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল বুধবার (৪ নভেম্বর) দিনগত রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
ডিএমপি সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরীর মোট ৯টি বিভাগ এই অভিযানে অংশ নেয়। এর মধ্যে সর্বোচ্চ ১৪১ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এছাড়া ওয়ারী বিভাগে ৯৪ জন, তেজগাঁও বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৮৫ জন, গুলশান বিভাগে ৪৬ জন, লালবাগ বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৪১ জন, রমনা বিভাগে ৩৭ জন এবং গোয়েন্দা (ডিবি) পুলিশ ১ জনকে গ্রেপ্তার করে।
অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অপরাধের আলামত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ২৫৩৯ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা এবং ১.৮৫ গ্রাম হেরোইন। এছাড়া অপরাধে ব্যবহৃত ৩টি মোটরসাইকেল, ৮টি মোবাইল ফোন, নগদ ১৫০০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ অন্যান্য ধারায় মামলা দায়েরের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।(ঢাকাটাইমস/০৫ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













