শিরোনাম :

ভোটার তালিকা সংশোধন নিয়ে ফের আন্দোলনে নামছে ককরোচ পার্টি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৬, ০০:৫৬
অ- অ+

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে আবারও আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দিল্লিতে বিক্ষোভ করতে গিয়ে দলটির শীর্ষ নেতারা গ্রেপ্তার হওয়ার পর এবার দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কোচি শহরে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

আগামী ৭ নভেম্বর কোচির রাজেন্দ্র ময়দানে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করে সিজেপি।

‘কোচিতে জন্তর মন্তর’ শিরোনামে আয়োজিত এ কর্মসূচি শুরু হবে বিকেল ৪টায়। পোস্টে দলটি বলেছে, ‘গণতন্ত্র রক্ষা করুন! এসআইআর বাতিল করুন! আমাদের সঙ্গে যোগ দিন।’

বিক্ষোভে অংশ নেওয়ার কথা রয়েছে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের। এ ছাড়া দলটির দক্ষিণাঞ্চলীয় প্রধান বিজয় মাল্লাঙ্গি এবং জাতীয় সম্পাদক আফরিন নওয়াজও কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে জন্তর মন্তরে বিক্ষোভ করতে গিয়ে দলটির নেতারা গ্রেপ্তার হয়েছিলেন। এরপর কোচির এই কর্মসূচিকে সিজেপির প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে গত মাসে অনুমতি ছাড়া জন্তর মন্তরে বিক্ষোভের চেষ্টা করলে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ কয়েকজন নেতাকে আটক করে দিল্লি পুলিশ। তাঁদের মধ্যে ছিলেন আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস।

পরে জন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা নিষিদ্ধ ঘোষিত ওই এলাকায় প্রবেশ করে জাতীয় পতাকা প্রদর্শন করেন। এ ঘটনায় তাঁদের গ্রেপ্তার করা হয়। এক সপ্তাহ কারাগারে থাকার পর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ভবিষ্যতে সেখানে কোনো কর্মসূচি না করার মুচলেকা দিয়ে তাঁরা মুক্তি পান।

এর আগে দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে তেরঙ্গা কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন অভিজিৎ দীপকে। এ ঘটনায় তাঁকেও গ্রেপ্তার করে পুলিশ। পরে শর্তসাপেক্ষে জামিন পান তিনি। জামিনের অন্যতম শর্ত ছিল, পরবর্তী এক বছর তাঁর পক্ষ থেকে কোনো ধরনের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করা যাবে না।

এদিকে গত ১ নভেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে সমর্থন জানিয়েছিল সিজেপি। তবে রামলীলা ময়দানে রাহুল গান্ধীর নেতৃত্বে আয়োজিত সমাবেশে দলটি অংশ নেয়নি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিসেম্বরে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, প্রথম ফ্লাইটে লাগবে না কোনো খরচ
নতুন যে দায়িত্ব পেলেন অর্থমন্ত্রী আমির খসরু
পরীমনির বিষয়ে সহমর্মিতা ও ন্যায়সংগত অবস্থানের আহ্বান প্রভার
টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত