নিয়ম কানুন ও শর্ত মেনেই সার ডিলার নিয়োগ দেয়া হয়েছে: কৃষিমন্ত্রী

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নিয়ম কানুন, নীতিমালা ও শর্ত মেনেই সার ডিলার নিয়োগ দেয়া হয়েছে। তারপরও কোন অভিযোগ থাকলে তা যাচাই-বাছাই করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টমেটো ও আম এবং আঙ্গুর বাগান পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, উপজেলা প্রশাসনের সুপারিশের পর জেলা কমিটি তা যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানোর পর নিয়ম-কানুন ও শর্ত মেনেই চুড়ান্ত সার ডিলার নিয়োগ দেয়া হয়েছে। এরপরও ডিলার নিয়োগের ব্যাপারে কোন অভিযোগ পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলায় সারের কোন সংকট নাই দাবি করে মন্ত্রী বলেন, এই সরকার আসার পর দেশে সারের কোন সংকট নাই। বরং এই জেলার জন্য অতিরিক্ত ৩ হাজার মেক্টিক টন সার মজুদ রয়েছে।
বাগান পরিদর্শনকালে মন্ত্রী কৃষক ও কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীসহ কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
(ঢাকা টাইমস/৫নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












