ঢাকা-পাবনা রুটে নতুন আন্তনগর ট্রেন চালু ১৯ নভেম্বর

ঢাকা-পাবনা-ঢাকা রুটে আগামী ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন এক জোড়া আন্তনগর ট্রেন। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামের ট্রেন দুটি চালু হলে এই রুটে প্রথমবারের মতো আন্তনগর রেল যোগাযোগ শুরু হবে।
গত ৪ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে রেলপথ মন্ত্রণালয়।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ দুপুর ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাত্রা শুরু করবে। রাত ৯টা ২০ মিনিটে ট্রেনটি পাবনায় পৌঁছাবে।
ট্রেন দুটি উভয় পথে ঈশ্বরদী, দাশুরিয়া, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।
আগামী ১৯ নভেম্বর বিকেলে পাবনা রেলওয়ে স্টেশনে ট্রেন দুটি উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে নতুন ট্রেন দুটি চালু করা হচ্ছে। এর মাধ্যমে ঢাকা ও পাবনার মধ্যে যাতায়াতে নতুন রেল যোগাযোগের সুযোগ তৈরি হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












