দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৬, ১২:১২
অ- অ+

দেশের বাজারে আবারও বাড়ানো হলো স্বর্ণের দাম। এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা আজ সকাল ১০টা থেকেই দেশব্যাপী কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেছে, স্বর্ণালংকার ও রৌপ্যালংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট আগে থেকেই যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। অলংকারের ডিজাইন অনুযায়ী নির্দিষ্ট মজুরি প্রযোজ্য হবে। এছাড়া মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের (বদল) ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের (ক্রেতার কাছ থেকে জুয়েলারি প্রতিষ্ঠানের কেনা) ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে।

এর আগে, সবশেষ গত ৪ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। একদিনের ব্যবধানেই তা প্রায় সাড়ে ৫ হাজার টাকা বৃদ্ধি পেল। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৩৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৬৭ দফা কমানো হয়েছে।

স্বর্ণের দাম আকাশচুম্বী হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২,৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ২১৬ টাকায় বেচাকেনা হচ্ছে।

(ঢাকাটাইমস/০৫ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম
গ্রেপ্তারি পরোয়ানার পর ১০ বডিগার্ড নিয়ে আদালতে অভিনেত্রী পরীমনি
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
শ্রমিক অসন্তোষ ঘিরে ভোরেই মাঠে ঢাকা রেঞ্জের ডিআইজি, পুলিশকে দিলেন বিশেষ নির্দেশনা