গ্রেপ্তারি পরোয়ানার পর ১০ বডিগার্ড নিয়ে আদালতে অভিনেত্রী পরীমনি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৬, ১২:০২
অ- অ+

সাভারের বোটক্লাব ভাঙচুর, ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ১০ জন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী (বডিগার্ড) নিয়ে আদালতে হাজির হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে একটি সাদা গাড়িতে চড়ে তিনি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আসেন।

সরেজমিনে দেখা গেছে, আদালতের নিয়মিত কার্যক্রম ও শুনানি শুরু না হওয়ায় পরীমনি দীর্ঘক্ষণ গাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। এ সময় কালো পোশাক পরিহিত প্রায় ১০ জন বডিগার্ড তাঁর গাড়িটি চারপাশ থেকে কড়া নিরাপত্তায় ঘিরে রাখেন এবং উৎসুক জনতা ও গণমাধ্যমকর্মীদের সরিয়ে দিতে দেখা যায়। আদালত সূত্র জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুনরায় জামিন চেয়ে আত্মসমর্পণ করতেই তিনি আজ আদালতে এসেছেন।

এর আগে গতকাল বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে পরীমনির জামিন নামঞ্জুর করে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। এদিন মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য থাকলেও পরীমনি আদালতে উপস্থিত হননি। তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতে সময়ের আবেদন দাখিল করে উল্লেখ করেন, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে পরীমনি হাজির হতে পারেননি।

তবে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল এই আবেদনের তীব্র বিরোধিতা করে বলেন, আসামি ইচ্ছাকৃতভাবে আদালতে অনুপস্থিত থেকে সময়ের আবেদন করছেন, যা আদালতের মূল্যবান সময় নষ্ট করছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সময়ের আবেদন নাকচ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং সাক্ষ্যের জন্য আগামী ২৩ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ সাভার বোটক্লাবের ঘটনার প্রেক্ষিতে পরীমনিসহ তাঁর দুই সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। ২০২৫ সালের ২৬ জুন আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন। মামলার এজাহারে পরীমনি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে বোটক্লাবে জোরপূর্বক মদ নিতে চাওয়া, বাধা দেওয়ায় ভাঙচুর চালানো এবং নাসির উদ্দিনের দিকে গ্লাস ও মোবাইল ছুড়ে মারার অভিযোগ আনা হয়েছে।

এর আগে ২০২১ সালের ১৪ জুন পরীমনি নিজেই বাদী হয়ে সাভার থানায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে পাল্টা মামলা করেছিলেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

(ঢাকাটাইমস/০৫ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
শ্রমিক অসন্তোষ ঘিরে ভোরেই মাঠে ঢাকা রেঞ্জের ডিআইজি, পুলিশকে দিলেন বিশেষ নির্দেশনা
কুর্মিটোলায় 'জয় বাংলা' স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল হামলা, কনস্টেবল আহত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭৭, মামলা ৫৫