নাহিদ ইসলামকে আইনি নোটিশ, প্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রচারিত বক্তব্যে নাহিদ ইসলাম বলেছিলেন, ‘চাঁদাবাজি–লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন। দেশ পরিচালনায় তাঁর কোনো পরিকল্পনা নাই।’
নোটিশে ওই বক্তব্যের বিষয়ে আপত্তি জানিয়ে আইনজীবী উল্লেখ করেন, নাহিদ ইসলামের কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। বক্তব্যটিকে তিনি অগ্রহণযোগ্য, কাল্পনিক ও রাজনৈতিক অপ্রজ্ঞার পরিচায়ক বলে উল্লেখ করেছেন।
নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় ফৌজদারি কার্যবিধি অনুসারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
আইনজীবী মো. হাবিবুর রহমান জানান, তিনি বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য। তবে সংগঠনটির কোনো পদে তিনি নেই।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












