শিরোনাম :

ডিসেম্বরে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, প্রথম ফ্লাইটে লাগবে না কোনো খরচ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৬, ০০:৫৯| আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০১:০০
অ- অ+

ডিসেম্বর মাসেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রাথমিকভাবে দুই থেকে তিনটি ফ্লাইটের মাধ্যমে বিনা খরচে কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সঙ্গে যুক্ত রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। এ মাসেই বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রমের সূচনা করতে চান তাঁরা। প্রাথমিকভাবে দুই থেকে তিনটি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। তবে শুধু প্রথম দফার ফ্লাইটেই এ কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। মালয়েশিয়ার অন্যান্য চাহিদাপত্রের ভিত্তিতেও কর্মী পাঠানো অব্যাহত থাকবে।

মন্ত্রী জানান, নতুন এই ব্যবস্থায় বিদেশে কর্মসংস্থানের জন্য কর্মীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হবে না। কর্মী পাঠানোর যাবতীয় ব্যয় বহন করবেন বিদেশি নিয়োগকর্তা অথবা তাঁদের নিয়োগকারী প্রতিষ্ঠান।

মালয়েশিয়ায় যাওয়ার জন্য স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, আগামী দু-এক দিনের মধ্যে ২২টি মেডিকেল সেন্টারের নাম প্রকাশ করা হবে। স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকার বেশি নেওয়া হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের লাইসেন্স বাতিল করা হবে।

সব রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ার শ্রমবাজারে কাজ করার সুযোগ দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, দু-চারজন অসাধু ব্যবসায়ীর কারণে পুরো খাত বিতর্কিত হচ্ছে। সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

এ সময় বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের সংশ্লিষ্ট দেশের আইনকানুন ও নিয়মনীতি মেনে চলার বিষয়ে সচেতন করার ওপর গুরুত্ব দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে বিদেশে বাংলাদেশি কর্মীদের ভিসা ও কর্মসংস্থানের সুযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সতর্ক করেন মন্ত্রী।

মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সঙ্গে যুক্ত রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোটার তালিকা সংশোধন নিয়ে ফের আন্দোলনে নামছে ককরোচ পার্টি
নতুন যে দায়িত্ব পেলেন অর্থমন্ত্রী আমির খসরু
পরীমনির বিষয়ে সহমর্মিতা ও ন্যায়সংগত অবস্থানের আহ্বান প্রভার
টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত