বিনা টিকিটে জেমসসহ সাত ব্যান্ডের কনসার্ট, কখন ও কোথায়

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে একই মঞ্চে গান শোনাবেন দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’ শীর্ষক এই সংগীতানুষ্ঠানে পারফর্ম করবেন রকস্টার জেমসসহ দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর শিল্পীরা। দর্শকদের জন্য কনসার্টে প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে। অর্থাৎ গান শুনতে কোনো টিকিট লাগবে না।
আগামী শনিবার (৭ নভেম্বর) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এতে জেমসের ব্যান্ড নগরবাউল ছাড়াও অংশ নেবে ওয়ারফেজ, মাইলস, শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাক।
আয়োজকদের সূচি অনুযায়ী, সেদিন বিকেল ৩টায় দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। সংগীত পরিবেশনা শুরু হবে বিকেল ৪টায়। প্রায় সাত ঘণ্টার এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।
একই মঞ্চে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনা ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে জেমস, ওয়ারফেজ, মাইলস ও আর্টসেলের পরিবেশনা দেখার অপেক্ষায় রয়েছেন তাঁদের ভক্তরা।
কনসার্টে অংশ নেওয়ার খবর জানিয়ে শ্রোতাদের আমন্ত্রণ জানিয়েছে ব্যান্ড ওয়ারফেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যান্ডটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক সংগীত পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য।’
দেশে বড় পরিসরে উন্মুক্ত স্থানে সংগীতানুষ্ঠানের আয়োজন নিয়ে সংগীতপ্রেমীদের আগ্রহের মধ্যে মানিক মিয়া অ্যাভিনিউয়ের এই কনসার্ট বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













