মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

আফ্রিকার দ্বীপরাষ্ট্র মরিশাসে কাচের প্যানেলভর্তি ভারী বাক্সের নিচে চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে দেশটির প্লেইন-দেস-পাপায়েস এলাকার মসজিদ রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন– মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তারা সবাই প্লেইন-দেস-পাপায়েস এলাকার একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজ করতেন।
মরিশাসের সংবাদমাধ্যম ডেফি মিডিয়া ও লেক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, বুধবার বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে একটি কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি বাক্স নামাচ্ছিলেন ওই তিন শ্রমিক। এ সময় অজ্ঞাত কারণে ভারী বাক্সটি তাঁদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে প্লেইন-দেস-পাপায়েস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কী কারণে বাক্সটি শ্রমিকদের ওপর পড়ে গেল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এ ঘটনায় মরিশাসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













