শনিবার ঢাকাসহ সারা দেশে বিএনপির শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার ঢাকাসহ সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজধানীতে কেন্দ্রীয়ভাবে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলীয় কর্মসূচি অনুযায়ী, শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগর ও পল্টন এলাকা থেকে শোভাযাত্রা শুরু হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনাকে ধারণ করে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয়ে এ কর্মসূচি পালন করা হবে। এতে সাধারণ মানুষ ও দলের নেতা-কর্মীদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
শোভাযাত্রা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও স্থানীয়ভাবে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করবে বিএনপি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













