ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি তেহরানের

ইরানের দক্ষিণাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (৭ নভেম্বর) হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত এই দ্বীপটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তাসনিম নিউজ জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী দ্বীপটিতে দুই দফা ক্ষেপণাস্ত্রের আঘাত লেগেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার পূর্ণ সত্যতা ও বিস্তারিত জানার পর তারা পরবর্তী আপডেট প্রকাশ করবে।
দ্বীপে বিস্ফোরণের খবর প্রকাশের কয়েক ঘণ্টা পরই ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি দাবি করেছে, কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন ‘এমকিউ-৯’ ড্রোন ভূপাতিত করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। এর আগে, গত শুক্রবারও (৬ নভেম্বর) একই দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের আরেকটি ‘এমকিউ-১’ মডেলের ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
এই চরম উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনা ভেস্তে যাওয়ার খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে কাতার। শনিবার কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, কাতারের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে দুই পক্ষ এখনো একটি যুদ্ধবিরতি বা চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটন ও তেহরানের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে কাতার এই মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
(ঢাকাটাইমস/০৭ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













