শ্রীময়ী রীতা রানীকে মারধরের অভিযোগ: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ঘটনায় ডিএমপির বক্তব্য

সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীময়ী রীতা রানী নামে এক নারীকে মারধরের অভিযোগে ছড়িয়ে পড়া ছবি ও ঘটনার বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে, মিরপুর বিভাগের আওতাধীন সাতটি থানায় এ ধরনের কোনো অভিযোগ বা মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।
শনিবার (৭ নভেম্বর) ডিএমপির এক বক্তব্যে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, সম্প্রতি ফেসবুকে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ফিরোজের বিরুদ্ধে শ্রীময়ী রীতা রানী নামে এক নারীকে মারধরের অভিযোগসংবলিত একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সাবেক ছাত্রলীগ নেতা এস এম জাকির তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে দাবি করেন, এ ঘটনায় মিরপুর মডেল থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ মামলা নেয়নি।
এ বিষয়ে মিরপুর বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে। প্রাথমিক অনুসন্ধানে বিভাগের আওতাধীন সাতটি থানার কোথাও এ ধরনের অভিযোগ বা মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। এমনকি শ্রীময়ী রীতা রানী নামে কোনো নারী অভিযোগ জানাতে মিরপুর বিভাগের কোনো থানায় গেছেন—এমন তথ্যও পুলিশের কাছে নেই।
ডিএমপি আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবি ও অভিযোগের সত্যতা এবং সংশ্লিষ্ট নারীর পরিচয় নিশ্চিত করতে অনুসন্ধান চলছে। তবে এখন পর্যন্ত তাঁর সুনির্দিষ্ট পরিচয় ও ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।
বিষয়টি যাচাই-বাছাই না করে পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।
পাশাপাশি শ্রীময়ী রীতা রানীকে কেউ চিনে থাকলে কিংবা তাঁর পরিচয়, অবস্থান বা ঘটনার বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য জানা থাকলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অথবা ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনারকে জানানোর অনুরোধ করা হয়েছে।
ডিএমপি বলেছে, জনসাধারণের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অভিযোগের নিরপেক্ষ তদন্তে পুলিশ অঙ্গীকারবদ্ধ।
(ঢাকাটাইমস/০৭ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











