তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের প্রভাবশালী সদস্য ডাচেস অব এডিনবরা সোফি

যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা এবং অংশীদারির বহুমুখী দিক তুলে ধরতে আগামীকাল সোমবার (৯ নভেম্বর) তিন দিনের গুরুত্বপূর্ণ সরকারি সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের প্রভাবশালী সদস্য ডাচেস অব এডিনবরা সোফি। তিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের কনিষ্ঠ ভাই প্রিন্স এডওয়ার্ডের (এডিনবরার ডিউক) স্ত্রী। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন ডাচেস সোফি। এই সফরে তিনি মূলত নারী ও মেয়েদের কল্যাণ, সুরক্ষা এবং ক্ষমতায়নের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।
রাজধানী ঢাকায় পৌঁছানোর পর ডাচেস সোফিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এ সময় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অসামান্য ও গৌরবোজ্জ্বল ভূমিকা সম্পর্কে জানতে এবং শান্তি ও নিরাপত্তায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরতে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন।
নারী ও মেয়েদের জীবনে নতুন সুযোগ ও সম্ভাবনা তৈরিতে খেলাধুলার ভূমিকা তুলে ধরতে তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করবেন। সেখানে তিনি নারী হকি খেলোয়াড়সহ উদীয়মান তরুণ নারী অ্যাথলেটদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন।
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তরুণ প্রজন্মকে নিয়ে আয়োজিত এক বিশেষ উদযাপনে যোগ দেবেন ডাচেস। সেখানে তিনি শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং নারী ক্ষমতায়নের পক্ষে বিশেষ জোরালো বার্তা তুলে ধরবেন।
ঢাকার কর্মসূচি শেষ করে ডাচেস সোফি কক্সবাজার যাবেন। সেখানে তিনি বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার কার্যক্রম সরেজমিন পরিদর্শন করবেন। একই সাথে শরণার্থী শিবিরে নারী ও শিশুদের নেতৃত্ব বিকাশ এবং তাদের সংকট উত্তরণে চলমান সুরক্ষা ও সহায়তা সেবামূলক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।(ঢাকাটাইমস/০৮ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











