তিন দিনের সফরে কাল ঢাকায় আসছেন এডিনবরার ডাচেস সোফি

তিন দিনের সফরে আগামীকাল সোমবার ঢাকায় আসছেন যুক্তরাজ্যের এডিনবরার ডাচেস সোফি হেলেন। ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত তার এই সফরে নারীর ক্ষমতায়ন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারত্ব এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার বিষয়গুলো গুরুত্ব পাবে।
রবিবার ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে প্রচারিত রয়্যাল কমিউনিকেশন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরকালে ডাচেস সোফি বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়নের বিষয়ে আলোচনা হবে।
বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ভূমিকা এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ সম্পর্কে জানতে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি) পরিদর্শন করবেন।
এ ছাড়া নারী ও কন্যাশিশুদের জন্য নতুন সুযোগ তৈরিতে খেলাধুলার ভূমিকা তুলে ধরতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নারী হকি খেলোয়াড়সহ তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে কথা বলবেন তিনি।
সফরকালে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উদযাপনেও অংশ নেবেন ডাচেস। এ উপলক্ষে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারী ক্ষমতায়ন জোরদারে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
ঢাকার পাশাপাশি কক্সবাজারও সফর করবেন ডাচেস সোফি। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করবেন। এ সময় বাস্তুচ্যুত নারী, কন্যাশিশু ও পরিবারগুলোর সুরক্ষা এবং সহায়তা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শরণার্থী সম্প্রদায়ের সক্ষমতা ও নেতৃত্ব জোরদার এবং বাস্তুচ্যুত নারী ও শিশুদের পুনর্বাসন, সুরক্ষা ও অন্তর্ভুক্তির বিষয়গুলোও তাঁর সফরে গুরুত্ব পাবে।
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অনুরোধে বাংলাদেশ সফর করছেন ডাচেস সোফি। এর আগে ২০১৭ সালে তিনি বাংলাদেশ সফর করেছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













