মালিবাগে সিআইডি কার্যালয় লক্ষ্য করে ককটেল, বিস্ফোরণ এসবির গাড়িতে

রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রবিবার সন্ধ্যায় মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করলে সেটি সিআইডি কার্যালয়ের ভেতরে থাকা পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি গাড়ির ওপর পড়ে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বীর উত্তম শামসুল আলম সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা সিআইডি কার্যালয় লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে। ককটেলটি কার্যালয়ের ভেতরে থাকা এসবির একটি গাড়ির ওপর পড়ে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সিআইডি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ আহত হননি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সন্ধ্যায় পল্লবী থানায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এতে একজন এসআরবি সদস্য (সাবেক র্যাব) আহত হন।
তাছাড়া ভাটারায় একটি স্কুল বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












