জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

জামালপুরের দেওয়ানগঞ্জে এক তরুণীকে ধর্ষণের দায়ে মো. ইউনুস আলী (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ইউনুস আলী দেওয়ানগঞ্জ উপজেলার কুমারের চর এলাকার গাজী রহমানের ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী তরুণী ও আসামির বাড়ি একই গ্রামে পাশাপাশি। সেই সুবাদে বিভিন্ন সময় যাতায়াতের পথে এবং একা পেলে ইউনুস তাকে কুপ্রস্তাব দিতেন। প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে তার মোবাইল নম্বর সংগ্রহ করেন। বিষয়টি তরুণী তার বাবা-মাকে জানালে তারা ইউনুসের অভিভাবকদের বিষয়টি অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইউনুস তার প্রতি আরও আক্রোশ পোষণ করেন।
এজাহারে বলা হয়, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ওই তরুণী বাড়ির টিউবওয়েল পাড়ে পানি আনতে গেলে আগে থেকে ওত পেতে থাকা ইউনুস পেছন থেকে তার মুখ চেপে ধরে জোরপূর্বক পাশের একটি স্থানে নিয়ে যান। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।
এ সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে পারেন। এ সময় ইউনুস তাকে বিয়ে করার আশ্বাস দেন। পরে স্থানীয়ভাবে ওই রাতেই বিয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়। চেয়ারম্যান তাকে নিজের জিম্মায় নিয়ে গেলেও পরবর্তী সময়ে বিভিন্ন অজুহাতে বিয়ের বিষয়টি এড়িয়ে যান ইউনুস।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বিয়ে না করায় সামাজিক সম্মানহানির আশঙ্কায় ৮ সেপ্টেম্বর ওই তরুণী বিষপান করেন। পরে তার বাবা তাকে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়ি ফেরেন।
পরবর্তী সময়ে ইউনুসের বাবা-মা ও স্থানীয় চেয়ারম্যানের কাছে ঘটনার বিচার চাইলে তারা টাকা দিয়ে আপস-মীমাংসার প্রস্তাব দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পিপি ফজলুল হক বলেন, এ মামলায় রাষ্ট্রপক্ষ থেকে সাতজন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামি ইউনুস আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। জরিমানার অর্থ ভুক্তভোগী পাবেন।
(ঢাকা টাইমস/৯নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












