মাহবুবুল খালিদের নতুন গানে আসিফ আকবর

গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের লেখা নতুন গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের ‘যুবরাজ’খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। ‘সখি তুই কি তেল মাখিস চুলে’ শিরোনামের রোমান্টিক গানটির সংগীতচিত্র মুক্তি পেয়েছে। লোকজ শব্দ ও সুরের আবহে সাজানো গানটিতে উঠে এসেছে প্রেম, সৌন্দর্য আর প্রিয় মানুষের প্রতি মুগ্ধতার অনুভূতি।
প্রিয় মানুষের রূপ ও সৌন্দর্যে মুগ্ধ এক প্রেমিকের আবেগময় অনুভূতি প্রকাশ পেয়েছে গানটির কথামালায়। সহজ-সরল লোকজ শব্দের ব্যবহারে গানে তৈরি হয়েছে এক মায়াবী আবহ। গানটির কয়েকটি পঙ্ক্তি এমন—“সখি তুই কি তেল মাখিস চুলে/ কী শাড়ি পরিস তুই, হাওয়ায় আঁচল দুলে/ তোর নূপুর বাজে ঘুঙুর ঘুঙুর/ রূপে আগুন জ্বলে।”
গানটির সংগীতচিত্র মুক্তি পেয়েছে ‘খালিদ সংগীত’-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। একই নামের ওয়েবসাইটেও গানটির অডিও প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশের সংগীত ও সাহিত্যাঙ্গনে দীর্ঘদিন ধরে সৃষ্টিশীল কাজ করে যাচ্ছেন মাহবুবুল খালিদ। প্রেম, প্রকৃতি, মানবিকতা, সামাজিক অসংগতি ও সমকালীন নানা ঘটনা তার গানের অন্যতম উপজীব্য। তার লেখা পাঁচ শতাধিক গান ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এসব গানে কণ্ঠ দিয়েছেন দেশের বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পীরা। নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ‘খালিদ সংগীত’-এর ব্যানারে ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে নিয়মিত প্রকাশিত হচ্ছে তার নতুন নতুন গান।
মাহবুবুল খালিদের গানে প্রেম ও ভালোবাসার পাশাপাশি গুরুত্ব পেয়েছে সমাজের নানা অসংগতি, মানবিক সংকট এবং আলোচিত ঘটনাবলি। ঢাকার মিরপুরে নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী আদুরিকে নিয়ে তিনি লিখেছেন ‘আদুরি’। সীমান্তে ফেলানী হত্যাকাণ্ডের মর্মান্তিক ঘটনা উঠে এসেছে তার লেখা ‘ফেলানীরে করল গুলি’ গানে।
এ ছাড়া মাগুরায় শিশু আছিয়ার ওপর নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে রচিত তার ‘মাগুরার ফুল’ গানটি মানুষের বিবেক ও মানবিকতাকে নাড়া দিয়েছে। সাম্প্রতিক সময়ে আলোচিত আরেকটি ঘটনা নিয়ে তিনি লিখেছেন ‘রামিসার বিচার’ শিরোনামে গান। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মানবিক সংকটও স্থান পেয়েছে তার সৃষ্টিতে। ফিলিস্তিনের নিপীড়িত মানুষ ও রোহিঙ্গা সংকট নিয়ে লেখা গানগুলোতে ফুটে উঠেছে মানবতা, প্রতিবাদ ও সচেতনতার বার্তা।প্রেমের গান থেকে শুরু করে সামাজিক দায়বদ্ধতার বিষয়, মাহবুবুল খালিদের সৃষ্টিতে রয়েছে নানা ধরনের বৈচিত্র্য। সেই ধারাবাহিকতায় এবার তার লেখা ‘সখি তুই কি তেল মাখিস চুলে’ গানটিতে কণ্ঠ দিলেন আসিফ আকবর।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













