বিশ্ববাজারে

আবারও বাড়ল স্বর্ণের দাম

ইন্টারন্যাশনাল ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৬, ১৭:০০
অ- অ+

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। সোমবার (৯ নভেম্বর) প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ০ দশমিক ৭ শতাংশ। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের আগে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান এবং ডলারের দরপতনের মধ্যে স্বর্ণের দাম বেড়েছে।

সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৮ মিনিটে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৯৪ দশমিক ৪৩ ডলারে দাঁড়ায়। একই সময়ে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দামও ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১০৩ দশমিক ৬০ ডলারে ওঠে।

এর আগে গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছিল। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় এবং মধ্যপ্রাচ্যের সংঘাত অবসানের সম্ভাবনা স্বর্ণের দামের এই উত্থানে ভূমিকা রেখেছে।

এদিকে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার সম্ভাবনা কম বলে মন্তব্য করার পর তেলের বাজারে এ প্রভাব দেখা যায়। তবে হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলার ঘটনায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ এখনো রয়েছে।

স্বাধীন আর্থিক বাজার বিশ্লেষক নিকোস জাবুরাস বলেন, তেলের দাম কমা, ডলারের দুর্বলতা এবং বন্ডের ফলন হ্রাসের কারণে স্বর্ণের দাম বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার সম্ভাবনা নিয়েও বাজারে আশাবাদ তৈরি হয়েছে।

ডলারের দাম কমে যাওয়ায় অন্যান্য দেশের ক্রেতাদের জন্য ডলারে নির্ধারিত স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়েছে। এটিও স্বর্ণের দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

এর আগে গত শুক্রবার স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ কমেছিল। প্রত্যাশার চেয়ে শক্তিশালী মার্কিন কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের পর ফেডারেল রিজার্ভ দীর্ঘ সময় সুদের হার উচ্চ পর্যায়ে রাখতে পারে—এমন ধারণা তৈরি হয়। এতে ডলারের দাম ও মার্কিন ট্রেজারি বন্ডের ফলন বেড়েছিল।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা দেখছেন বাজারের অংশগ্রহণকারীদের ৮১ শতাংশ। কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের আগে এ সম্ভাবনা ছিল ৭৩ শতাংশ।

স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে স্বর্ণ থেকে কোনো সুদ বা আয় পাওয়া যায় না বলে বিনিয়োগকারীদের কাছে এর আকর্ষণ কমে যেতে পারে।

বাজারসংশ্লিষ্টদের নজর এখন যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্যের দিকে। মঙ্গলবার দেশটির ভোক্তা মূল্যসূচক (সিপিআই) এবং শুক্রবার উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) তথ্য প্রকাশিত হওয়ার কথা। এসব তথ্যের ওপর নির্ভর করতে পারে ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত।

নিকোস জাবুরাসের মতে, মূল্যস্ফীতি দীর্ঘ সময় উচ্চ থাকলে সুদের হার বাড়ানোর পক্ষে যুক্তি জোরালো হবে, যা স্বর্ণের দামে চাপ তৈরি করতে পারে। অন্যদিকে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে কম হলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। সোমবার স্পট সিলভারের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫২ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৫৪৫ দশমিক ৮৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৩ দশমিক ২৪ ডলারে উঠেছে।

সূত্র: রয়টার্স

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা: স্পিকার
শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেল ঢাকা
গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি
ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা