ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবের ওপর হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৯| আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১১:৪২
অ- অ+

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। তবে ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এ মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল থানায় মামলাটি করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ। মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে হাবিবকে (২৬) প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে। স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়ে হামলার শিকার হন হাসিব আল ইসলাম।

এজাহারে অভিযোগ করা হয়, হাবিবুর রহমান ও অজ্ঞাতনামা আরও ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হাসিব ও তার স্ত্রীর পথরোধ করেন। এ সময় হামলাকারীরা তাকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দেন। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও চাপাতি দিয়ে তাকে আঘাত করা হয়। এতে আহত হন হাসিব। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

মঙ্গলবার রাতে এনসিপির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শ্রীমঙ্গল থানায় গিয়ে লিখিত অভিযোগ দেয়। পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। প্রতিনিধি দলে আরও ছিলেন মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসান, শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক দেওয়ান কয়েস আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক ইয়াসিন তালুকদার।

এদিকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অটোরিকশায় থাকা হাসিবকে লক্ষ্য করে এক ব্যক্তিকে ‘জুলাই জঙ্গি’ বলে চিৎকার করতে দেখা যায়। এরপর দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলার দৃশ্যও দেখা যায়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাবতলীতে বাস চাপায় দুই নারীর মর্মান্তিক মৃত্যু
পল্লবীতে পার্কিং করা দুটি যাত্রীবাহী বাসে আগুন
দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২৭৪১ টাকা
বৃদ্ধদের ভারে নুয়ে পড়বে বাংলাদেশ? ২০৫০ সালের চ্যালেঞ্জ মোকাবিলায় ভাবতে হবে এখন থেকেই....