অক্টোবরে ৬৫৫ মোবাইল, ৩৬ ভিকটিম উদ্ধার এপিবিএনের; মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার শতাধিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৬, ১৫:১১| আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৫:১৫
অ- অ+

দেশজুড়ে অভিযান চালিয়ে গত অক্টোবর মাসে ৬৫৫টি হারানো মোবাইল ফোন, ৩৬ জন ভিকটিম ও ১ দশমিক ৮৪৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার হওয়া ভিকটিমদের মধ্যে চারজন নিখোঁজ শিশু রয়েছেন। এ ছাড়া বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার এবং শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সংস্থাটি।

বুধবার দুপুরে উত্তরায় এপিবিএন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির পুলিশ সুপার (ট্রেনিং, ল অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ তাজুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অক্টোবর মাসে চারজন নিখোঁজ শিশুসহ ৩৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত একটি মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এপিবিএন সদর দপ্তরের এলআইসি শাখার সহায়তায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ইউনিট ৬৫৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে। এ ছাড়া চারটি হ্যাকড ফেসবুক আইডি, দুটি হ্যাকড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ও একটি ইমো অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। এছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে ৫৬৪ জনকে সহায়তা দেওয়া হয়েছে।

সাইবার অপরাধের ঘটনায় সাইবার সুরক্ষা আইনে করা একটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, ৫০০ টাকা, ১৫টি সিম কার্ড এবং বিকাশ-নগদ প্রতারণার ৪ লাখ ৪২ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়েছে।

অস্ত্র উদ্ধারের বিষয়ে তাজুল ইসলাম জানান, অক্টোবর মাসে বিভিন্ন অভিযান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনটি ওয়ান শুটার গান, একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড গুলি, দুটি গুলির খোসা, ছয়টি ছুরি ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারটি মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ৬২ হাজার ৪৬৭ পিস ইয়াবা, ১ দশমিক ০৪ কেজি গাঁজা, ২৫ লিটার মদ, ৭৪০ কার্টন সিগারেট এবং মাদক বিক্রির ৮ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ছয়টি মামলা হয়েছে এবং সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চোরাচালানবিরোধী অভিযানে ১ দশমিক ৮৪৪ কেজি স্বর্ণের বার ও অলংকার উদ্ধার করেছে এপিবিএন। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার টাকা। এ সংক্রান্ত ১৩টি মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া ৭৬০ কেজি নিষিদ্ধ সামুদ্রিক কাঁকড়া, ৩৯৬ কেজি প্রসাধনসামগ্রী, ৬৩ পিস শাড়ি ও থ্রি-পিস, খাদ্যদ্রব্য, কাপড়, ওষুধ এবং অনুমোদনহীন সাতটি সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এ সময় ১ লাখ ১২ হাজার ৩৩০ বাংলাদেশি টাকা ও ৩০ কুয়েতি দিনার উদ্ধার করা হয়।

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৪১৫টি মামলা করে ১২ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া বিএসটিআই, কাস্টমস ও ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ৫০টি মামলায় ১৬ লাখ ৩৯ হাজার ৮৮১ টাকা জরিমানা ও সাজা দেওয়া হয়েছে। এসব কার্যক্রমে ২৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অক্টোবর মাসে বিভিন্ন মামলায় আরও ৩২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, সাতজন এজাহারনামীয় আসামি, মানব পাচার মামলায় তিনজন, হত্যা মামলায় তিনজন এবং নয়জন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চুরি ও অপহরণ মামলায় তিনজনকে গ্রেপ্তার এবং পালানোর সময় সাতজন এফডিএমএন সদস্যকে আটক করা হয়েছে।

এপিবিএন সূত্রে জানা যায়, অক্টোবর মাসে ৮, ১৪ ও ১৬ এপিবিএনের মাধ্যমে মোট ২৮টি জিআর ও সিআর মামলা করা হয়েছে। এসব মামলার তদন্ত চলছে।

সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং নাগরিক সেবা সহজ করতে এপিবিএনের আধুনিক প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজিব আহসানের আচরণ নিয়ে সমালোচনা, কর্মীকে লাথি মারার ভিডিও ভাইরাল
হার্টের সবচেয়ে বড় শত্রু পোড়াতেল, এটি মানবদেহে সরাসরি আঘাত করে: বিএফএসএ চেয়ারম্যান
আন্তালিয়ায় জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী 
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ‘তেরেনাম বাবু’ গ্রেপ্তার