আশুলিয়ায় কোকো ফুডসকে ২ লাখ টাকা জরিমানা

ঢাকার আশুলিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিভিন্ন অনিয়মের অভিযোগে কোকো ফুডস কোম্পানি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) আশুলিয়ার ২৪৬ আড়াগাঁও এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কারখানার মেঝেতে রেখেই ফ্লেভারড জেলি প্যাকেটজাত করা হচ্ছিল। জেলি ও ললিপপ তৈরিতে ব্যবহৃত রং ও ফ্লেভারের মোড়কে আমদানিকারকের তথ্য ছিল না। এ ছাড়া পণ্য তৈরিতে ব্যবহৃত পানির কোনো পরীক্ষাগারের প্রতিবেদন দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি।
অভিযানে আরও দেখা যায়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ ছাড়াই আচার উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।
এসব অনিয়মের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিল।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













