‘হেলদি ভিলেজ’ পদ্ধতিতে স্বাস্থ্যসেবার উন্নয়ন, সরকারি-বেসরকারি অংশীদারত্বের আহ্বান

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৬, ১৯:৪৩
অ- অ+

স্বাস্থ্যসেবা ও পুষ্টি খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারত্বের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলেছেন, দেশের ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চাহিদা পূরণে বিদ্যমান সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতকেও সমন্বিতভাবে কাজে লাগাতে হবে।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীতে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ ও ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের (ব্র্যাক জেপিজিএসপিএইচ) যৌথ গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

লালমনিরহাট শহরে ‘হেলদি ভিলেজ’ পদ্ধতির কার্যকারিতা পর্যালোচনা করে গবেষণাটি পরিচালনা করা হয়। ‘ফ্রম সিস্টেমস টু কমিউনিটিজ: আন্ডারস্ট্যান্ডিং পাথওয়েজ অব চেঞ্জ ইন দ্য হেলথ ভিলেজ ইন আরবান প্রোগ্রাম’ শীর্ষক গবেষণায় স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমে কমিউনিটির অংশগ্রহণ এবং বেসরকারি উদ্যোগের ভূমিকা তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মো. রিজওয়ানুর রহমান বলেন, জনস্বাস্থ্য ও পুষ্টি খাতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সরকার ও বেসরকারি খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। বর্তমানে বিদ্যমান স্বাস্থ্যকর্মী ও সেবাদানের সক্ষমতা ক্রমবর্ধমান জনস্বাস্থ্যের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত নয়। এ পরিস্থিতি স্বাস্থ্যসেবায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) গুরুত্ব তুলে ধরে। তবে সেবার মান বাড়াতে বেসরকারি খাতের সব উদ্যোগকে সরকারের মূল কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে সমন্বয় করতে হবে।

বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের (বিএনএনসি) মহাপরিচালক ড. মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ এখনো স্বাস্থ্যসেবার জন্য বেসরকারি সেবাদানকারীদের ওপর নির্ভরশীল। তাই সবার জন্য সমতাভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি খাতের ভূমিকা স্বীকার করে তাদের জাতীয় স্বাস্থ্যব্যবস্থার সঙ্গে কার্যকরভাবে সম্পৃক্ত করা জরুরি।

ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের ডিন ড. লরা রাইখেনবাখ বলেন, গবেষণায় দেখা গেছে, স্থানীয়ভাবে প্রশিক্ষিত নারীরা সাধারণ পরিবার ও সরকারি স্বাস্থ্যব্যবস্থার মধ্যে কার্যকর সংযোগ তৈরি করতে পারেন। ম্যাক্স ফাউন্ডেশনের সঙ্গে তাদের এই অংশীদারত্ব নীতি নির্ধারণ, কমিউনিটি ক্লিনিক শক্তিশালী করা এবং প্রকল্পের অর্থায়ন শেষ হওয়ার পরও প্রয়োজনীয় পুষ্টিসেবা অব্যাহত রাখার ক্ষেত্রে একাডেমিক ও বেসরকারি সংস্থার সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছে।

ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এ টি এম তারিকুল ইসলাম বলেন, প্রমাণভিত্তিক উদ্যোগকে বৃহৎ পরিসরে ছড়িয়ে দিতে প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের মাধ্যমে কাজ করে ম্যাক্স ফাউন্ডেশন। ব্র্যাক জেপিজিএসপিএইচের সঙ্গে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, বেসরকারি খাত এবং প্রান্তিক পর্যায়ের নারী ক্ষুদ্র উদ্যোক্তারা স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও এ ধরনের উদ্যোগের সুফল ধরে রাখার পথ তৈরি করা সম্ভব।

মিশ্র-পদ্ধতির গবেষণায় উঠে এসেছে, মানুষের মধ্যে বিশ্বস্ত সামাজিক সম্পর্ক শিশুদের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। লালমনিরহাটে হেলথ প্রোমোটিং এজেন্টরা (এইচপিএ) নিয়মিত বাড়ি পরিদর্শন, রান্নার প্রদর্শনী এবং মায়েদের সঠিকভাবে শিশুকে বুকের দুধ খাওয়ানোর বিষয়ে সহযোগিতা করেছেন। এর মাধ্যমে শিশুদের পুষ্টি চর্চার উন্নয়নে ভূমিকা রেখেছেন তারা।

গবেষণার মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরতে অনুষ্ঠানে বক্তব্য দেন হেলথ প্রোমোটিং এজেন্ট লতা রানী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পঙ্গু হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান
জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন