মাদক উদ্ধার ১১৫ কোটি টাকার, মামলা নিষ্পত্তি বেড়েছে ১৮ শতাংশ

চট্টগ্রাম রেঞ্জে খুন-অপহরণ কমেছে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৫ হাজারের বেশি

চট্টগ্রাম ব্যুরো
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৬, ১৮:৪২
অ- অ+

অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের তৎপরতা বেড়েছে। গত ছয় মাসের তুলনামূলক অপরাধ পরিসংখ্যানে খুন, অপহরণ এবং নারী ও শিশু নির্যাতনের মামলা কমার চিত্র পাওয়া গেছে।

অন্যদিকে মাদকবিরোধী অভিযান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধী গ্রেপ্তার এবং মামলা নিষ্পত্তির সংখ্যা বেড়েছে। বিশেষ করে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৫ হাজার ৩২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

একই সময়ে মাদকবিরোধী অভিযান ও বিশেষ কার্যক্রমে গ্রেপ্তার করা হয়েছে ১৪ হাজার ৩৯৬ জনকে। উদ্ধার করা হয়েছে আনুমানিক ১১৫ কোটি টাকার মাদকদ্রব্য।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের তথ্য অনুযায়ী, রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী দায়িত্ব গ্রহণের আগের তিন মাস (মে, জুন ও জুলাই) এবং দায়িত্ব গ্রহণের পরের তিন মাস (আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর) তুলনা করে এ পরিসংখ্যান তৈরি করা হয়েছে। এতে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, অপরাধী গ্রেপ্তার, উদ্ধার কার্যক্রম ও মামলা নিষ্পত্তিতে অগ্রগতির চিত্র উঠে এসেছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান, মাঠপর্যায়ে নজরদারি বৃদ্ধি, নিয়মিত অভিযান এবং কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করার ফলে কার্যক্রমে গতি এসেছে। একই সঙ্গে জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পুলিশি সেবাকে আরও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।

খুন-অপহরণ ও নারী নির্যাতনের মামলা কমেছে

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, আগের তিন মাসে খুনের মামলা ছিল ১৯২টি। পরের তিন মাসে তা কমে দাঁড়িয়েছে ১৬৪টিতে। অর্থাৎ খুনের মামলা কমেছে ১৫ শতাংশ। অপহরণের ঘটনা ৪৩টি থেকে কমে ২৯টিতে নেমেছে, যা ৩২ শতাংশ হ্রাস।

নারী ও শিশু নির্যাতনের মামলাও কমেছে। আগের তিন মাসে এ ধরনের মামলা ছিল ৫৭১টি। পরের তিন মাসে তা কমে হয়েছে ৪৪৯টি। অর্থাৎ ২১ শতাংশ কমেছে এসব মামলা।

এ ছাড়া ধর্ষণের মামলা ২৭৬টি থেকে কমে ২৭৪টি এবং গণধর্ষণের মামলা ১৮টি থেকে কমে ১৭টিতে দাঁড়িয়েছে। ডাকাতির ঘটনা ৩০টি থেকে কমে ২৮টি, দস্যুতার ঘটনা ৭৩টি থেকে ৭২টি এবং চাঁদাবাজির মামলা ৩৩টি থেকে কমে ৩২টি হয়েছে।

পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে খুন ও অপহরণের মতো গুরুতর অপরাধ কমে আসা জননিরাপত্তার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।

তবে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণের মতো অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪ হাজার ৩৯৬ জন

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ছয় মাসের পরিসংখ্যানে সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে মাদকবিরোধী অভিযানে। আগের তিন মাসে মাদক উদ্ধার-সংক্রান্ত মামলা ছিল ৩ হাজার ১৫৭টি। পরের তিন মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৭২টিতে। অর্থাৎ মামলা বেড়েছে ৩২ শতাংশ।

মাদক মামলায় গ্রেপ্তারের সংখ্যাও বেড়েছে। আগের তিন মাসে ৩ হাজার ১৭০ জনকে গ্রেপ্তার করা হলেও পরের তিন মাসে গ্রেপ্তার করা হয়েছে ৪ হাজার ৩৫৪ জনকে। অন্যদিকে মাদকবিরোধী মামলা ও বিশেষ অভিযানে মোট গ্রেপ্তারের সংখ্যা ৩ হাজার ১৭০ থেকে বেড়ে ১৪ হাজার ৩৯৬ জনে দাঁড়িয়েছে। এ সময় বিশেষ মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১০ হাজার ৪২ জনকে।

মাদকদ্রব্য উদ্ধারের পরিসংখ্যানেও বড় পরিবর্তন এসেছে। আগের তিন মাসে ১৬ লাখ ৯৯ হাজার ৭৯টি ইয়াবা উদ্ধার করেছিল পুলিশ। পরের তিন মাসে উদ্ধার করা হয়েছে ২৫ লাখ ৯৩ হাজার ৮৫৩টি। অর্থাৎ ইয়াবা উদ্ধারের পরিমাণ বেড়েছে ৫৩ শতাংশ।

এ ছাড়া দেশীয় মদ উদ্ধার ৬ হাজার ৮৬২ লিটার থেকে বেড়ে ১২ হাজার ৬৩৪ লিটার হয়েছে। এ ক্ষেত্রে বৃদ্ধির হার ৮৪ শতাংশ। গাঁজা উদ্ধারের পরিমাণও ৪ হাজার ৪২৭ কেজি থেকে বেড়ে ৪ হাজার ৪৮৯ কেজিতে দাঁড়িয়েছে।

সব মিলিয়ে উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য আগের তিন মাসে ছিল ৫৪ কোটি ৩৪ লাখ টাকা। পরের তিন মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ কোটি ৮ লাখ টাকায়। অর্থাৎ মাদক উদ্ধারের আনুমানিক মূল্য বেড়েছে ১১২ শতাংশ।

অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদকের বিস্তার রোধে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক কারবারিদের শনাক্ত, তাদের সরবরাহব্যবস্থা চিহ্নিত এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। শুধু মাদক উদ্ধার নয়, মাদক ব্যবসার সঙ্গে জড়িত চক্রগুলোকে ভেঙে দেওয়ার বিষয়েও পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, অপরাধ দমনে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সক্রিয়তা বাড়ানো হয়েছে। অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে সেখানে নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে বড় তৎপরতা

চট্টগ্রাম রেঞ্জে কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণেও বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। পরিসংখ্যান অনুযায়ী, কিশোর গ্যাং-সংক্রান্ত অভিযানে ১৫ হাজার ৩২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগের তুলনামূলক তিন মাসে এ ধরনের গ্রেপ্তারের সংখ্যা ছিল শূন্য।

এ ছাড়া অস্থিতিশীলতা সৃষ্টিকারী অপরাধে গ্রেপ্তারের সংখ্যা ১ হাজার ৪৮ থেকে বেড়ে ১ হাজার ৬৫৩ হয়েছে। এ ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে ৫৮ শতাংশ।

নিয়মিত মামলায় গ্রেপ্তারের সংখ্যাও বেড়েছে। আগের তিন মাসে ১৪ হাজার ৭৩৫ জনকে গ্রেপ্তার করা হলেও পরের তিন মাসে গ্রেপ্তার করা হয়েছে ১৮ হাজার ২৮০ জনকে। অন্যদিকে প্রতিরোধমূলক গ্রেপ্তার ৩ হাজার ২৯১ থেকে বেড়ে ৭ হাজার ৩০৩ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ এ ক্ষেত্রে বৃদ্ধি ১২২ শতাংশ।

পুলিশ কর্মকর্তারা বলছেন, কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণে শুধু গ্রেপ্তার ও অভিযান যথেষ্ট নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকেও সম্পৃক্ত করা প্রয়োজন। কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার কারণ চিহ্নিত করে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সংশোধন ও পুনর্বাসনমূলক কার্যক্রমও গুরুত্বপূর্ণ।

অবৈধ অস্ত্র উদ্ধারেও অগ্রগতি

অপরাধ সংঘটনে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারেও চট্টগ্রাম রেঞ্জ পুলিশের কার্যক্রম বেড়েছে। আগের তিন মাসে অস্ত্র উদ্ধার-সংক্রান্ত মামলা ছিল ৯৪টি। পরের তিন মাসে তা বেড়ে হয়েছে ১০৫টি। অর্থাৎ বৃদ্ধি ১২ শতাংশ।

অন্যান্য উদ্ধার-সংক্রান্ত মামলা ৩২০টি থেকে বেড়ে ৫৩৫টিতে দাঁড়িয়েছে। সব মিলিয়ে উদ্ধারজনিত মামলা ৩ হাজার ৫৮১টি থেকে বেড়ে ৪ হাজার ৮১২টি হয়েছে। এ ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে ৩৪ শতাংশ।

অন্যদিকে উদ্ধার ছাড়া অপরাধজনক মামলা ৫ হাজার ৩৫২টি থেকে কমে ৫ হাজার ৬টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ এ ধরনের মামলা কমেছে ৬ শতাংশ।

পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অপরাধ সংঘটনে ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পাশাপাশি অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও মাঠপর্যায়ের অভিযান জোরদার করা হয়েছে।

মামলা নিষ্পত্তি বেড়েছে ১৮ শতাংশ

অপরাধ দমনের পাশাপাশি বিচারপ্রক্রিয়াকে গতিশীল করতে মামলা নিষ্পত্তি ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের ওপরও গুরুত্ব দিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।

পরিসংখ্যান অনুযায়ী, আগের তিন মাসে ৮ হাজার ৪৫৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছিল। পরের তিন মাসে নিষ্পত্তি হয়েছে ৯ হাজার ৯৫৬টি। অর্থাৎ মামলা নিষ্পত্তির হার বেড়েছে ১৮ শতাংশ।

এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানা তামিল ৩১ হাজার ৭৩৫টি থেকে বেড়ে ৩৫ হাজার ৮৫৮টিতে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে বৃদ্ধি ১৩ শতাংশ।

নিয়মিত মামলায় গ্রেপ্তার ১৪ হাজার ৭৩৫ জন থেকে বেড়ে ১৮ হাজার ২৮০ জন হয়েছে। প্রতিরোধমূলক গ্রেপ্তারের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

পুলিশের মতে, মামলা নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন এবং অপরাধীদের আইনের আওতায় আনার কার্যক্রম জোরদার হলে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি বিচারপ্রক্রিয়ায়ও ইতিবাচক প্রভাব পড়ে।

নিরাপদ ও জনবান্ধব পুলিশিংয়ের লক্ষ্য

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সমাজ প্রতিষ্ঠা পুলিশের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও পুলিশি সেবা নিশ্চিত করতে কাজ করছে রেঞ্জ পুলিশ।

তিনি বলেন, খুন, অপহরণ, মাদক, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। অপরাধের ধরন ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিআইজি আরও বলেন, পুলিশের সাফল্য শুধু কতজন অপরাধী গ্রেপ্তার হলো কিংবা কত পরিমাণ মাদক উদ্ধার হলো, তা দিয়ে পরিমাপ করা যায় না। সাধারণ মানুষ কতটা নিরাপদ বোধ করছেন, ভুক্তভোগীরা কত দ্রুত আইনি সহায়তা পাচ্ছেন এবং পুলিশের প্রতি মানুষের আস্থা কতটা বাড়ছে, সেটিও গুরুত্বপূর্ণ। অপরাধীর জন্য কঠোরতা, নিরপরাধ মানুষের জন্য সুরক্ষা এবং বিপন্ন মানুষের জন্য মানবিকতা—এই নীতিতে পুলিশি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, জনসাধারণের সহযোগিতা ছাড়া টেকসইভাবে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। অপরাধ ও অপরাধীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

২৬টি সূচকে অগ্রগতির দাবি

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ছয় মাসের তুলনামূলক কার্যক্রমে ২৬টি সূচকে অগ্রগতির দাবি করা হয়েছে। এতে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধী গ্রেপ্তার, মামলা নিষ্পত্তি এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

তবে পরিসংখ্যানের এই অগ্রগতি ধরে রাখাই এখন পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ, কিশোর অপরাধ এবং মাদক কারবার নিয়ন্ত্রণে ধারাবাহিক নজরদারি প্রয়োজন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত উন্নয়ন শুধু মামলা কমা, গ্রেপ্তার বাড়ে যাওয়া কিংবা মাদক উদ্ধারের পরিমাণ দিয়ে মূল্যায়ন করা যায় না। অপরাধের পুনরাবৃত্তি রোধ, তদন্তের গুণগত মান, আদালতে দণ্ডাদেশের হার, ভুক্তভোগীদের সন্তুষ্টি এবং নাগরিকদের নিরাপত্তাবোধও গুরুত্বপূর্ণ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন
বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক
জামাইয়ের বাড়িতে বেড়াতে এসে বিদ্যুতের তারে জড়িয়ে শ্বশুরের মৃত্যু