হামে শিশুমৃত্যু নিয়ে নিজের ব্যর্থতা স্বীকার করে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামে শিশুমৃত্যুর ঘটনায় নিজের ব্যর্থতা স্বীকার করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হামে শিশুদের মৃত্যুর দায় তার। তবে এটি সরকারের ব্যর্থতা নয়, তার ব্যক্তিগত ব্যর্থতা।
সোমবার দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত ইস্পাতের চারতলা ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক সাংবাদিক স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চান, গত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যু হয়েছে। এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকারের, নাকি বর্তমান সরকারের—কাউকে না কাউকে তো এই দায় নিতে হবে।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দায় তো আমার। আমাকে ফাসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি। আমার সরকারের ব্যর্থতা না।’
অনুষ্ঠানে হামের টিকা নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, হামের টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আনা হয়েছে। বাকি টিকা এসেছে জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে। স্বল্পমূল্যে এসব টিকা সংগ্রহ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে ব্যবহৃত টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষিত এবং ইউনিসেফের মাধ্যমে সরবরাহ করা হয়েছে। ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে টিকা সরবরাহের স্বীকৃত প্রতিষ্ঠান।
শিশুদের হামের টিকা না নেওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, বর্তমানে যারা হামে আক্রান্ত হচ্ছে, তাদের প্রায় কেউই টিকা নেয়নি। আক্রান্ত শিশুদের বড় একটি অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে ভর্তি থাকা হামে আক্রান্ত শিশুদের প্রায় কারও টিকা নেওয়ার তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













