বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৬, ১৯:১৩
অ- অ+

বিদেশে চিকিৎসার খরচ মেটাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই ডলার ছাড়ের সীমা দ্বিগুণ করা হয়েছে। এখন থেকে একজন গ্রাহক বিদেশে চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।

একই সঙ্গে বিদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর নিয়মও সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে এসব খাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবেন গ্রাহকরা।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা ছাড়ের নিয়ম শিথিল করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বিদেশে চিকিৎসার ক্ষেত্রে একজন গ্রাহকের অনুকূলে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো। এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমতির প্রয়োজন হবে না।

এ ছাড়া বিদেশে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও পূর্বানুমতির বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষার ব্যয় ব্যাংকগুলো সরাসরি পাঠাতে পারবে। তবে সংশ্লিষ্ট দেশে অবৈতনিক শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে।

পেশাদার ও সার্টিফিকেশন কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে বা দূরশিক্ষণ পদ্ধতিতে নিয়মিত একাডেমিক পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। এসব খাতে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।

অন্যদিকে, বিদেশ থেকে দেশে ফেরার সময় আবাসিক বাংলাদেশিরা সঙ্গে আনা বৈদেশিক মুদ্রা কাস্টমস কর্তৃপক্ষের ফরম এফএমজেতে (Form FMJ) ঘোষণা দিয়ে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা রাখতে পারবেন।

ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য অনুমোদিত খাতে আনা বৈদেশিক মুদ্রার ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।

তবে বৈদেশিক মুদ্রা লেনদেনের অন্যান্য বিদ্যমান বিধিবিধান ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন
জামাইয়ের বাড়িতে বেড়াতে এসে বিদ্যুতের তারে জড়িয়ে শ্বশুরের মৃত্যু
শ্রমিকদের চিকিৎসায় ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল করবে সরকার: প্রধানমন্ত্রী