ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লাল-সাদা রঙের বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় বাসটি থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়।
এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এ ছাড়া রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে রয়েছে পল্লবী থানা, মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়, মিরপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, তেজগাঁও, পান্থপথ ও যাত্রাবাড়ী।
তবে ফার্মগেটে বাসে অগ্নিসংযোগের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













