ডেঙ্গু ও হামে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৭০০

দেশে ডেঙ্গু ও হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ দুই রোগে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু, হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭০০ জন।
সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তি ও নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৬৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ১৭৩ জনে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১১৪ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকার তিনজন এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগের একজন করে রয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১ হাজার ৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনায় ২৭৭, চট্টগ্রামে ২৬৫, বরিশালে ২৪৩, রাজশাহীতে ১৮৮, ময়মনসিংহে ১১১, রংপুরে ৮৩ ও সিলেটে ১৬ জন ভর্তি হয়েছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৪০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৫৪৭, চট্টগ্রামে ২৬০, সিলেটে ২০৫, বরিশালে ১৪১, খুলনায় ১০৪, ময়মনসিংহে ১০২, রাজশাহীতে ৫৩ এবং রংপুরে ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৪ হাজার ২৫১ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ১৯৯ জনে। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৫২৩ জনের।
এদিকে ডেঙ্গুর প্রকোপও কমছে না। ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ। ওই বছর এ রোগে মারা যান ১ হাজার ৭০৫ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত ১ লাখ ২ হাজার ৮৬১ জনের মধ্যে মারা যান ৪১৩ জন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













