পঙ্গু হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ প্রকল্পের জন্য আগামী ডিসেম্বরের মধ্যেই দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় তিনি হাসপাতালের আইসিইউ, নতুন পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগের ই-টিকিট ব্যবস্থা, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন পদ্ধতির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি হাসপাতালে চিকিৎসকরা নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে কাজ করছেন। চিকিৎসকরা যাতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি রোগীদের সঙ্গে আরও ভালো, মানবিক ও সহনশীল আচরণ করার আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চিকিৎসাব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার। স্বাস্থ্য খাতের উন্নয়নে যত বরাদ্দ প্রয়োজন, তা দেওয়ার সদিচ্ছা সরকারের রয়েছে।
তিনি আরও বলেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও দেশের চিকিৎসকরা উদ্ভাবনী চিন্তা ও একাগ্রতা নিয়ে কাজ করে যাচ্ছেন। তারা যেন পূর্ণ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যে মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানের সভাপতিত্বে অনুষ্ঠানে হাসপাতালের কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এদিকে, সোমবার রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় তিনি বলেন, স্বাস্থ্য খাতে অনেক সুযোগ-সুবিধা থাকার কথা বলা হলেও বাস্তবে এখনো অনেক ঘাটতি রয়েছে। এসব ঘাটতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে দেশের স্বাস্থ্য খাতের মান অনেক উন্নত হয়েছে। তবে চিকিৎসাসেবার মান আরও বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












