জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৬, ১৭:১৫| আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৭:২৩
অ- অ+

দীর্ঘ আইনি লড়াইয়ের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরি ফিরে পেয়েছেন সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। একই সঙ্গে বিধি অনুযায়ী জ্যেষ্ঠতা ও বকেয়া বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা পাবেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের এক প্রজ্ঞাপনে তার অপসারণের আদেশ প্রত্যাহার এবং চাকরিতে পুনর্বহালের বিষয়টি জানানো হয়।

চাকরিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে শরীফ উদ্দিন বলেন, ‘দীর্ঘ লড়াইয়ের পর চাকরি ফিরে পেয়েছি। মহামান্য হাইকোর্টের রায় ও বর্তমান কমিশনের প্রতি আমি কৃতজ্ঞ।’

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক পদ থেকে শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়েছিল। এর আগে ২০২১ সালের ১৬ জুন পটুয়াখালীতে বদলির আগে তিনি দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন।

চট্টগ্রামে দায়িত্ব পালনকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন শরীফ। এ কারণে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগও করেছিলেন তিনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন।

তার চাকরিচ্যুতির ঘটনায় সে সময় দুদকের ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। চাকরি থেকে অপসারণের প্রতিবাদে দুদকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনও করেন সংস্থাটির কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

চাকরিচ্যুতির পর ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি পুনর্বহালের আবেদন করেন শরীফ উদ্দিন। তবে কমিশন তার আবেদন বিবেচনা না করায় সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। রিট পিটিশনটির নম্বর ছিল ৬৩৬৯/২০২২।

ওই রিটের শুনানি শেষে ২০২৫ সালের ৯ জুলাই হাইকোর্ট অপসারণের আদেশ বাতিল ঘোষণা করেন এবং রুল অ্যাবসলিউট করেন। একই সঙ্গে রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে শরীফ উদ্দিনকে জ্যেষ্ঠতাসহ প্রাপ্য সব সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দেন আদালত।

অবশেষে হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে দুদক তার অপসারণের আদেশ প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে বুলবুল
খিলগাঁওয়ে যুবলীগ নেতা মামুন গ্রেপ্তার
সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার
ঘাটাইলে দুই মাদক কারবারির ৩ মাসের কারাদণ্ড