ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে ভবনের সামনের পার্কিং এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। এতে একটি গাড়ির চালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় ঘটনাস্থলের পাশে নিজের গাড়ি নিয়ে অবস্থান করছিলেন এক ব্যক্তি। দুপুরের খাবার শেষে পাশের গাড়িটির চালক দরজা খুলতে গেলে হঠাৎ সেটিতে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ওই চালক গুরুতর আহত হন। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঢাবির একটি সূত্র জানায়, ওই এক ঘণ্টার মধ্যে সেখানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেলগুলো ভবনের ওপরের দিক থেকে ছোড়া হয়েছে বলে দাবি করেছেন কয়েকজন। তবে তাৎক্ষণিকভাবে ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন বলেন, পার্কিং এলাকায় গাড়িটি রাখা ছিল। তিনি নিজেও ঘটনাস্থলে ছিলেন এবং সিসিটিভি ফুটেজ দেখেছেন। বিস্ফোরণে শুধু গাড়িচালক আহত হয়েছেন। আর কেউ আহত হওয়ার খবর তারা পাননি। শিক্ষার্থীরাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।
অধ্যাপক আল আমিন আরও বলেন, বিষয়টি প্রক্টর অফিসকে জানানো হয়েছে। থানাকেও খবর দেওয়া হয়েছে। পুলিশের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে আলামত পরীক্ষা করলে ককটেল কোথা থেকে নিক্ষেপ করা হয়েছে, তা শনাক্ত করা সম্ভব হবে।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের সদস্যসচিব মানসুর রাফি অভিযোগ করেন, ক্যাম্পাসে এখনো ছাত্রলীগের পদধারী ব্যক্তি এবং আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে নিয়োগ পাওয়া কিছু কর্মচারী সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল বলেন, এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে ব্যবসায় শিক্ষা অনুষদে অবস্থান করছেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দ্রুত ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













