লালবাগে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

রাজধানীর লালবাগ এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সর্বশেষ কমিটির সভাপতি মো. দিপু (৪০) এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ নম্বর ওয়ার্ড বাজার ইউনিটের সাবেক সহসভাপতি মো. ফারুক (৪৮)। তারা পুরান ঢাকার পলাশী ও শহীদনগর এলাকার বাসিন্দা।
সোমবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে লালবাগ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
রাত ১২টার দিকে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হোসাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জামিল হোসাইন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বিদেশে অবস্থানরত নেতাদের অনলাইনে দেওয়া নির্দেশনা অনুযায়ী নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সম্প্রতি তারা লালবাগ কেল্লা এলাকায় একটি মিছিলে অংশ নেন। এ ছাড়া আজিমপুর বাস টার্মিনালে বাসে আগুন দেওয়ার চেষ্টার সঙ্গেও তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় লালবাগ থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান লালবাগ থানার ওসি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












