হঠাৎ বৃষ্টিতে ভিজল রাজধানী, কমেছে তাপমাত্রা

সারাদিনের ভ্যাপসা গরমের পর হঠাৎ বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। সোমবার সন্ধ্যার দিকে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয় নগরের বিভিন্ন এলাকায়। এতে গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন নগরবাসী। বৃষ্টির পর কমেছে তাপমাত্রা, বাতাসে অনুভূত হচ্ছে শীতের আমেজ।
সন্ধ্যার দিকে রাজধানীর নিউমার্কেট, ফার্মগেট, পুরান ঢাকা, উত্তরা, বিমানবন্দর, মিরপুর ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। কোথাও কোথাও বজ্রপাতও হয়েছে।
রাজধানীর বাইরে গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা ও কক্সবাজারেও বৃষ্টির খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ছয়টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রার তুলনায় সন্ধ্যায় তাপমাত্রা কমেছে ৮ ডিগ্রি।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দমকা হাওয়ার ক্ষেত্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এর আগে দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছিল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
নভেম্বর মাসে বৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। এ সময় সাগরে নিম্নচাপ বা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। এমন বৃষ্টির পর তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়তে শুরু করে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













