শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার পেছনে যে দুই কারণ দেখছে জামায়াত

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাইতে পারেন দুটি কারণে—এমন ধারণা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, দেশে ফেরার কৌশলের অংশ হিসেবে অথবা ভারতে থাকা দলীয় নেতা-কর্মীদের সান্ত্বনা দিতে তিনি এমন উদ্যোগ নিতে পারেন।
সোমবার বিকালে জামায়াতের গণমাধ্যম-সম্পর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো এক ভিডিও বার্তায় এসব কথা বলেন দলটির প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।
ভিডিও বার্তায় এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শেখ হাসিনা কেন পাসপোর্ট ও এনআইডি করতে চাইছেন, তা এখনো স্পষ্ট নয়। তবে এর পেছনে দুটি কারণ থাকতে পারে। প্রথমত, দেশে ফেরার বিষয়টি সামনে রেখে তিনি কৌশল অবলম্বন করছেন এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। দ্বিতীয়ত, নেতা-কর্মীদের ছেড়ে দেশত্যাগের পর তাঁদের সান্ত্বনা দিতেও এমন উদ্যোগ নিতে পারেন।
জামায়াতের এই নেতা আরও বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে দেশে ফিরবেন না—এমন ঘোষণা দিলে দলের অন্য কাউকে নেতৃত্বে আনা হতে পারে। নিজের পদ ধরে রাখার বিষয়টিও তার এই আবেদনের পেছনে একটি কারণ হতে পারে।
শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে জুবায়ের বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে গুম, খুন ও নির্যাতনের ঘটনা ঘটেছে। তার অভিযোগ, শেখ হাসিনা দেশের অর্থনীতি ও নির্বাচনব্যবস্থা ধ্বংস করেছেন। গণ-অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েও তিনি সেখান থেকে দেশের মানুষকে হুমকি দিচ্ছেন।
জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আইনের দাবি অনুযায়ী, তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। এ দায়িত্ব সরকারের ও বিচার বিভাগের। ভারতের সঙ্গে বন্দিবিনিময় বা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে জুবায়ের বলেন, এ ক্ষেত্রে ভারতের সঙ্গে আলোচনা, আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ, জাতিসংঘের সঙ্গে যোগাযোগ এবং ইন্টারপোলের সহযোগিতা নেওয়া যেতে পারে। শেখ হাসিনা দেশে ফিরতে না চাইলেও তাকে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে না পারলে সরকার ব্যর্থ হিসেবে বিবেচিত হবে। এতে জনগণের ক্ষোভ আরও বাড়বে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে একধরনের ঐকমত্য রয়েছে বলেও দাবি করেন জামায়াতের এই নেতা। তার মতে, দেশে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে সব রাজনৈতিক দলকে ভূমিকা রাখতে হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












