এতগুলো এমপির ‘আমিন আমিন’ আকুতি কি আল্লাহ শুনবেন না: গোলাম মাওলা রনি

জাতীয় সংসদে ফ্যাসিবাদ যেন আর ফিরে আসতে না পারে, সে জন্য আল্লাহর কাছে প্রতিরোধের শক্তি চেয়ে মোনাজাত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। সংসদে মন্ত্রী-এমপিদের সম্মিলিতভাবে ‘আমিন’ বলার বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক আলোচক গোলাম মাওলা রনি।
সোমবার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘শেখ হাসিনার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য আজকের সংসদের মোনাজাতটি ছিল ঐতিহাসিক। এতগুলো এমপির আমিন আমিন আকুতি কি আল্লাহ শুনবেন না?’
এর আগে জাতীয় সংসদের মোনাজাতে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেন, ‘হে আল্লাহ, আপনি আমাদের এই সংসদে আসার তৌফিক দিয়েছেন। ফ্যাসিবাদ বিতাড়িত করার তৌফিক দিয়েছেন। ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার কোনো পরিস্থিতি তৈরি করতে না পারে, সে ব্যাপারে প্রতিহত করতে আমাদের শক্তি ও সামর্থ্য দিন।’
তিনি আরও বলেন, রাষ্ট্র ও এই সংসদ ঘিরে জনগণের যে প্রত্যাশা, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে তা প্রতিহত করার তৌফিক যেন আল্লাহ দেন।
সাবেক চার সংসদ সদস্য ও একজন সাবেক গণপরিষদ সদস্যসহ দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে জাতীয় সংসদে গৃহীত শোকপ্রস্তাবের পর মোনাজাতে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম শোকপ্রস্তাব উত্থাপন করেন। বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন তিনি।
এদিকে, দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পক্ষে এ আবেদন করা হয়।
রয়টার্সের দেখা একটি চিঠিতে বলা হয়েছে, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠিয়েছেন। এতে শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে উল্লেখ করে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুযায়ী শেখ হাসিনার নাগরিকত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনটি দ্রুত নিষ্পত্তির অনুরোধও জানানো হয়েছে। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই শেখ হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে জানিয়েছে রয়টার্স।
(ঢাকাটাইমস/১০ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












