নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসার লাইব্রেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন থেকে সৃষ্ট প্রচণ্ড ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৪৮ জন শিক্ষার্থীকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মধ্যে তিন শিক্ষার্থীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় অবস্থিত ‘জামিয়া আশরাফিয়া মাদরাসা’র দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. সুলতান মাহমুদ শিকদার গণমাধ্যমকে জানান, গভীর রাতে একে একে ৪৮ জন মাদরাসা শিক্ষার্থীকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। ধোঁয়ার কারণে তাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এর মধ্যে একজনকে লাইফ সাপোর্ট বা ভেন্টিলেটর সুবিধায় রাখা হয়েছে। আক্রান্তদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আরও রোগী আসার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
কাচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার জানান, গভীর রাতে যখন মাদরাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগে, তখন শিক্ষার্থীরা ঘুমন্ত অবস্থায় ছিল। লাইব্রেরির বই ও আসবাবপত্র পুড়ে মুহূর্তের মধ্যে পুরো মাদরাসায় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ধোঁয়ার কারণে দমবন্ধ হয়ে বহু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, আগুনের সঠিক সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।
(ঢাকাটাইমস/১০ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













