ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

ফরিদপুরে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত তিনটার দিকে শহরের নতুন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আগুন দেওয়ার সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন তিনি।
নিহত কালাচাঁন শেখ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নুরুদ্দিন শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নতুন বাসস্ট্যান্ডে একটি লোকাল বাস পার্কিং করে রাখা ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচাঁন আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈ বলেন, রাত আনুমানিক তিনটার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম বলেন, রাতে কালাচাঁন শেখ নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, নতুন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












