মির্জাপুরে তুলার কারখানায় আগুন, ১২ লাখ টাকার ক্ষতি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লায় একটি তুলার কারখানায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১২ লাখ টাকার মালামাল ও যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাকুল্লা হাজী মাইনুদ্দিন মার্কেটের গুনোটিয়া রোডের ‘সীমা বেডিং স্টোর’ নামের কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
কারখানার মালিক ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী উপজেলার ভররা গ্রামের বেল্লাল খানের ছেলে মো. সোহেল রানা (৪৫) জানান, প্রতিদিনের মতো কারখানার মেশিন সচল রেখে কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ করেই চলন্ত মেশিন থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট বা অন্য কোনো কারণে কারখানায় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।
কারখানাটিতে মূলত গার্মেন্টসের বিভিন্ন বর্জ্য বা জুট এনে তা প্রক্রিয়াজাত করে তুলা উৎপাদন করা হতো। কাঁচামাল ও জুট সহজ দাহ্য হওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই কারখানার ভেতরে থাকা মেশিনপত্র ও উৎপাদিত তুলার বড় অংশ পুড়ে যায়। এতে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক হিসাবে জানিয়েছেন মালিকপক্ষ।
মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, মেশিনের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ৭ লাখ টাকা এবং ৭০ লাখ টাকার মালামাল আগুনের ক্ষতি থেকে রক্ষা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন
(ঢাকা টাইমস/১১নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












